ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

শ্রীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

ads

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক স্থানীয় নেতাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর কেবিএম ইটভাটা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত ফরিদ সরকার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জামাল সরকারের ছেলে। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় তিনি মাটি, ইট ও বালুর ব্যবসায়ী ছিলেন।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে লতিফপুর ইটখলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ফরিদ। রাত পৌনে ৪টার দিকে পরিবারের সদস্যরা খবর পান যে, কেবিএম ইটভাটার সামনে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা জামাল সরকারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।


কেবিএম ব্রিকসের ম্যানেজার অজিদ সরকার জানান, নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে তিনি অফিসের সামনে ফরিদকে পড়ে থাকতে দেখেন। তবে ওই সময় আশপাশে কাউকে দেখা যায়নি। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। শ্রীপুর উপজেলা জাসাস ও বিএনপির স্থানীয় নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরাজুল ইসলাম বলেন, "তদন্তে প্রাথমিক কিছু ক্লু পাওয়া গেছে। আমরা বিভিন্ন তথ্য যাচাই করছি। আশা করছি খুব দ্রুতই অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।"

ads
ads
ads

Our Facebook Page